
ফাইল ছবি
চলতি মার্চ মাসের প্রথম ২৩ দিনেই রেমিট্যান্সে বড় চমক দেখিয়েছেন প্রবাসীরা। এই সময়ে দেশে এসেছে প্রায় ২ দশমিক ৮৩ বিলিয়ন (২৮২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলারের রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ৩৪ হাজার ৫০২ কোটি টাকা।
মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ মাসের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৬৩ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর একই সময়ে ১৯ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২ হাজার ৩৭৯ কোটি টাকা বেশি রেমিট্যান্স এসেছে।
রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা গত ফেব্রুয়ারি থেকেই লক্ষ্য করা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে দেশে ৩০২ কোটি বা ৩ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা আগের বছরের একই মাসের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে (জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত) দেশে মোট ২ হাজার ৫২৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭০ শতাংশ বেশি। গত অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার।
সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ এবং ডলারের বর্তমান বিনিময় হারের কারণে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে আরও বেশি উৎসাহিত হচ্ছেন।









































