বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৫ মার্চ ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
শেয়ার

পন্টুনের নিচে আটকে গেছে বাস, ভাঙা যাচ্ছে না দরজা-জানালা


Doulatdia-Bus-Accident

সংগৃহীত ছবি

দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি পন্টুনের নিচে আটকে গেছে। ফলে দরজা–জানালা ভাঙা যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ কারণে উদ্ধার অভিযান আরও জটিল হয়ে উঠেছে।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটলেও উদ্ধার অভিযান শুরু হতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নিখোঁজ যাত্রীদের স্বজনরা। ডুবুরি দলের সদস্যরা জানান, বাসটি এমনভাবে পন্টুনের নিচে আটকে আছে যে ভেতরে প্রবেশ করতে জানালা বা দরজা ভাঙা সম্ভব হচ্ছে না। তবুও তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঘটনার বহু পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। একইভাবে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও দেরিতে উদ্ধারকাজে নামে। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটির মাত্র অল্প কয়েকজন যাত্রী সাঁতরে ওপরে উঠতে পেরেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

যাত্রী আবদুল আজিজুল জানান, তিনি নিজে সাঁতরে প্রাণে বাঁচলেও তার স্ত্রী ও শিশুসন্তান এখনও নিখোঁজ।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, পাটুরিয়া ও আরিচা থেকে আরও ডুবুরি দল আসছে। ঢাকা সদর দপ্তর থেকেও অতিরিক্ত দল ঘটনাস্থলে রওনা হয়েছে।