বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৬ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শেয়ার

কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে প্যারেড স্কয়ারে হাজারো দর্শনার্থী


pared

শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ— সব বয়সী মানুষের উপস্থিতিতে প্যারেড স্কয়ার পরিণত হয় এক টুকরো বাংলাদেশে

দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় কুচকাওয়াজ ফিরেছে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড স্কয়ারে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই রাজধানীর আগারগাঁও ও সংলগ্ন এলাকায় ঢল নামে হাজারো দর্শনার্থীর। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ— সব বয়সী মানুষের উপস্থিতিতে প্যারেড স্কয়ার পরিণত হয় এক টুকরো বাংলাদেশে।

সরেজমিনে দেখা যায়, দর্শকদের বসার জন্য সারিবদ্ধভাবে প্লাস্টিকের চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। অনেকের হাতে জাতীয় পতাকা, মাথায় বাঁধা লাল-সবুজের ব্যান্ড। কুচকাওয়াজ ও বিমান বাহিনীর মনোজ্ঞ ‘ফ্লাই পাস্ট’ দেখতে আসা মানুষের চোখে-মুখে ছিল বাঁধভাঙা আনন্দ।

সকাল ৯টায় শুরু হওয়া এই কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে প্রবেশের জন্য ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট নির্দিষ্ট করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে দর্শকদের ব্যাগ বহন না করার অনুরোধ জানিয়েছিল কর্তৃপক্ষ।

চব্বিশের গণ-আন্দোলন পরবর্তী নতুন বাংলাদেশে এই আয়োজন যেন সাধারণ মানুষের কাছে এক বিশেষ তাৎপর্য নিয়ে এসেছে। কুচকাওয়াজ শেষে আকাশে যুদ্ধবিমানের গগনবিদারী গর্জন আর রঙিন ধোঁয়ার কসরত দর্শকদের মুগ্ধতায় ভাসিয়ে দেয়।