বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শেয়ার

১৮ বছর পর প্যারেড স্কয়ারে ৫৫তম স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু


pared

দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আয়োজিত হলো সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ

বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আয়োজিত হলো সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে এই কুচকাওয়াজ শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও তিন বাহিনীর প্রধানগণ, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিবৃন্দ এই রাষ্ট্রীয় আয়োজন উপভোগ করেন।

২০০৮ সালের পর এই প্রথম ২৬ মার্চের আনুষ্ঠানিকতায় কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী যুক্ত হলো। বিগত কয়েক বছর ধরে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এই আয়োজন থাকলেও স্বাধীনতা দিবসে তা বন্ধ ছিল। চব্বিশের গণ-আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের সময়কালেও এই আয়োজন দেখা যায়নি। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এবার স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণ এই কুচকাওয়াজের উদ্যোগ নেওয়া হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এই কুচকাওয়াজ আয়োজিত হচ্ছে। সামগ্রিক ব্যবস্থাপনায় রয়েছে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। এই আয়োজনকে ঘিরে রমজানের শুরু থেকেই প্যারেড স্কয়ারে ব্যাপক প্রস্তুতি শুরু হয় এবং গত মঙ্গলবার ‘চূড়ান্ত রিহার্সেলের’ মাধ্যমে এর প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।

সকাল থেকেই প্যারেড স্কয়ারে সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দলগুলোর পদচারণায় মুখরিত হয়ে ওঠে আকাশ-বাতাস। বিভিন্ন আধুনিক যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখার জন্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।