
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার
গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের সম্মেলনে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের স্ত্রীরা অংশগ্রহণ করেন। শিশুদের কল্যাণ ও ভবিষ্যৎ সম্ভাবনা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই বৈশ্বিক প্ল্যাটফর্মে ডা. জুবাইদা রহমান বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
সম্মেলনের সমাপনী দিনে হোয়াইট হাউজে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ডা. জুবাইদা রহমানসহ আমন্ত্রিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে ডা. জুবাইদা ফার্স্ট লেডির সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন। আলাপকালে তারা শিশুদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে একযোগে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন। এ সময় ডা. জুবাইদা রহমান একজন চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ডা. জুবাইদা রহমান এক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি শিশুদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন। তার এই বক্তব্য অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে এবং তারা বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশুদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও হোয়াইট হাউসের পক্ষ থেকে নেওয়া এক সাক্ষাৎকারে ডা. জুবাইদা জানান, বিশ্বের সব শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাংলাদেশ অন্যান্য দেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
সফরকালে ডা. জুবাইদা রহমানের সাথে প্রতিনিধি দলে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান। সম্মেলনের পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠানের একটি প্রদর্শনী পরিদর্শন করেন, যেখানে শিশুদের শিক্ষার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখানো হয়। সম্মেলন শেষে গ্রুপ ফটো সেশন ও বিশেষ রিসিপশনে অংশ নেওয়ার মাধ্যমে ডা. জুবাইদা রহমান তার এই গুরুত্বপূর্ণ সফর সম্পন্ন করেন।










































