
বাংলাদেশ দূতাবাস, সৌদি আরব
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুধবার (২৫ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসায় সৌদি আরবে অবস্থান করছেন এমন বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে (১৮ এপ্রিলের আগে) টিকিট কেটে সরাসরি বিমানবন্দরে গেলেই কোনো বাধা ছাড়াই দেশে ফেরা যাবে। এই বিশেষ সুযোগের আওতায় প্রবাসীরা কোনো ধরনের জরিমানা দেওয়া বা ভিসার মেয়াদ বাড়ানো ছাড়াই সৌদি আরব ত্যাগ করতে পারবেন।
বাংলাদেশ দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ১৮ এপ্রিলের পর দেশটিতে অবৈধভাবে অবস্থান করার আর কোনো সুযোগ থাকবে না। তাই আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই প্রবাসীদের দেশে ফেরার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।









































