শনিবার । মার্চ ২৮, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২৮ মার্চ ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ান তারকার রহস্যময় মৃত্যু


Korean celebrity

জনপ্রিয় অভিনেতা লি সাং-বো

দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে শোকের ছায়া নামিয়ে ৪৪ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা লি সাং-বো। গত ২৬ মার্চ পিওংটেকের নিজ বাড়িতে এই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়। দুপুরের দিকে পরিবারের সদস্যরা তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

প্রাথমিক তদন্তে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের চিহ্ন না পাওয়া গেলেও মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ‘ইনভিজিবল ম্যান চোই জাং-সু’ সিরিয়ালের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতার অকাল প্রয়াণে তাঁর ভক্তদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি তুলেছেন।

লি সাং-বোর অভিনয় জীবন ছিল চড়াই-উতরাইয়ে পূর্ণ। ‘প্রাইভেট লাইভস’, ‘রুগাল’ এবং ‘মিস মন্টে-ক্রিস্টো’-র মতো জনপ্রিয় ড্রামায় অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। তবে ২০২২ সালে মাদক সংক্রান্ত এক বিতর্ক তাঁর ক্যারিয়ারে বড় আঘাত হানে। যদিও তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, তবুও ‘ড্রাগ অ্যাক্টর’ তকমাটি তাঁর পেশাগত জীবনকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছিল।

দীর্ঘ বিরতি ও ব্যক্তিগত লড়াই শেষে ২০২৩ সালে ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’-এর মাধ্যমে তিনি আবারও পর্দায় ফেরেন। নতুন করে জীবন শুরু করার প্রবল ইচ্ছা থাকলেও এক অজানা রহস্য আর বিষণ্ণতা সঙ্গী করেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো এই প্রতিভাবান তারকাকে।