
‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভারতে সেন্সর বোর্ডে আটকে গেছে
গাজা সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত বিশ্বজুড়ে প্রশংসিত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভারতে সেন্সর বোর্ডের গেরোয় আটকে গেছে। ফিলিস্তিনি এক শিশুর মৃত্যুর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটির ছাড়পত্র দিতে মৌখিকভাবে অস্বীকৃতি জানিয়েছে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড (সিবিএফসি)।
তবে সিনেমাটি আটকে দেওয়ার পেছনে এখন পর্যন্ত কোনো লিখিত কারণ বা আনুষ্ঠানিক আদেশ দেওয়া হয়নি। অস্কার মনোনীত পরিচালক কাউথার বেন হানিয়ার এই সৃজনশীল কাজটি এভাবে ঝুলে থাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে।
এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সরাসরি হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন দেশটির একদল প্রভাবশালী সংসদ সদস্য। জয়রাম রমেশ ও মনোজ কুমার ঝাসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা এই চিঠিতে সই করেছেন, যেখানে তারা দাবি করেছেন যে লিখিত আদেশ ছাড়া সিনেমা আটকে রাখা সম্পূর্ণ বেআইনি এবং এটি শৈল্পিক স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।
সংসদ সদস্যদের মতে, সিনেমার বিষয়বস্তু সংবেদনশীল হলেও এটি একটি গুরুত্বপূর্ণ মানবিক দলিল। রাজনৈতিক কারণে নিয়মবহির্ভূতভাবে সেন্সরশিপ আরোপ করা গণতন্ত্রের জন্য শুভ নয় বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।
তবে প্রভাবশালী সংসদ সদস্যদের এই চিঠির বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।











































