
বিশ্বে নজিরবিহীন সার সংকট তৈরি হবার আশংকা তৈরি হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত যদি আরও এক মাস বা তার বেশি সময় স্থায়ী হয়, তবে বিশ্বে নজিরবিহীন সার সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’।
গত ২৭ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গোলার্ধের দেশগুলোতে বসন্তকালীন চাষাবাদ এবং অস্ট্রেলিয়ায় শীতকালীন ফসলের মৌসুম শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে এই যুদ্ধ কৃষিখাতে বড় আঘাত হেনেছে। বিশেষ করে হরমুজ প্রণালি দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকায় ইউরিয়া, অ্যামোনিয়া ও সালফারের মতো গুরুত্বপূর্ণ সারের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সাবেক পণ্যবিষয়ক প্রধান আবদোলরেজা আব্বাসিয়ান জানিয়েছেন, হরমুজ প্রণালি দ্রুত খুলে দিলেও পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে। কিন্তু যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্ব এমন এক সংকটের মুখোমুখি হবে যা আগে কখনো দেখা যায়নি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মুখপাত্র জুলি কোজাকও এই পরিস্থিতির ভয়াবহতা নিয়ে সতর্ক করেছেন। তাঁর মতে, সারের এই সরবরাহ ঘাটতি সরাসরি বৈশ্বিক খাদ্য মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে, যার ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে নিত্যপণ্যের দাম।
মূলত মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা এখন কেবল ভূ-রাজনীতিতে সীমাবদ্ধ নেই, বরং তা বিশ্বের কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।







































