মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩০ মার্চ ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
শেয়ার

ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর


Indian Rupee lost it's value-01

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাবে ভারতীয় রুপির মান ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। সোমবার (৩০ মার্চ) আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে রুপির দর বড় ধস নেমে ৯৫ দশমিক ২২-এ পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে এযাবৎকালের সর্বনিম্ন রেকর্ড।

এনডিটিভি জানিয়েছে, দিনের শুরুতে রুপি কিছুটা শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত সেই গতি ধরে রাখতে পারেনি। সকালে ৯৩ দশমিক ৬২ দরে লেনদেন শুরু করে একপর্যায়ে ৯৩ দশমিক ৫৭ পর্যন্ত উন্নতি করলেও দ্রুতই বড় পতন শুরু হয় এবং দিনের শেষভাগে তা ৯৫ দশমিক ২২-এ গিয়ে ঠেকে। এর আগে গত শুক্রবারও বড় ধাক্কা খেয়েছিল রুপি; সেদিন ৮৯ পয়সা পড়ে ডলারের বিপরীতে ৯৪ দশমিক ৮৫ দরে লেনদেন শেষ হয়েছিল, যা ছিল তৎকালীন সর্বনিম্ন।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলারের কারণেই রুপির ওপর এই অভাবনীয় চাপ তৈরি হয়েছে।

নিরাপদ বিনিয়োগ হিসেবে বর্তমানে বিশ্বজুড়ে ডলারের চাহিদা বাড়ায় ডলার সূচক ১০০-এর ওপরে অবস্থান করছে, যা রুপির ঘুরে দাঁড়ানোকে কঠিন করে তুলছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্য সংকটের কারণে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে প্রতি ব্যারেল প্রায় ১১৫ ডলার-এ উঠেছে। আমদানিনির্ভর অর্থনীতির দেশ হওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রুপির মানের ওপর এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে।

মুদ্রার এই দরপতনের নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারেও। সোমবার একদিনেই বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ‘সেনসেক্স’ প্রায় ১ হাজার ৭০০ পয়েন্ট এবং ‘নিফটি’ ৫০০ পয়েন্টের বেশি পড়ে গেছে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে বিদেশি বিনিয়োগকারীরাও ভারতীয় বাজার থেকে বড় অংকের মূলধন সরিয়ে নিচ্ছেন।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে, আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে রুপির মান ভবিষ্যতে আরও দুর্বল হওয়ার ঝুঁকিতে রয়েছে, যা ভারতের সামগ্রিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।