
সংসদ অধিবেশনে বক্তব্য দেন তাহসিনা রুশদীর লুনা
২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে জাতীয় সংসদে সরব হয়েছেন তার স্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে ইলিয়াস আলীসহ সব গুমের বিচার দাবি করেন।
তাহসিনা রুশদীর বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল বনানী থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীর রহস্যজনক নিখোঁজ হওয়ার পর দীর্ঘ ১৪ বছরেও কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ই তাকে গুম করা হয়।
সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন—“যারা গুম হয়েছেন, তারা কোথায়? ফ্যাসিবাদমুক্ত হওয়ার দেড় বছর পেরিয়ে গেলেও স্বজনরা এখনও জানে না তাদের প্রিয়জনের পরিণতি কী।” তিনি স্পিকারের মাধ্যমে ইলিয়াস আলী ও অন্যান্য গুম হওয়া ব্যক্তির অবস্থান জানাতে সরকারের প্রতি আহ্বান জানান।
লুনা বলেন, বিভিন্ন জায়গায় বহুবার চেষ্টা করলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি তিনি গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি এবং এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
এছাড়া গত ১৭ বছরে গুম ও খুন হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ারও দাবি তোলেন তিনি।
রাষ্ট্রপতির বক্তব্যে বিগত সময়ের গুম-খুনের পরিস্থিতি তুলে ধরায় কৃতজ্ঞতা প্রকাশ করে লুনা বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে রাষ্ট্রপতি সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ থেকে গুম-খুনের কালচার নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন সমৃদ্ধ দেশ গড়ে উঠবে।







































