বুধবার । জুন ৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১ এপ্রিল ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ন
শেয়ার

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে: ট্রাম্প


Trump Khurg

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধাবস্থার দ্রুত অবসান আসছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, সাম্প্রতিক সামরিক অভিযানে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ব্যাপকভাবে ভেঙে পড়েছে, ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি উপস্থিতির প্রয়োজনীয়তাও কমে গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) নিউইয়র্ক পোস্ট-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি ও হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেন।

তিনি বলেন, মার্কিন বাহিনীর ধারাবাহিক অভিযানে ইরানের পাল্টা প্রতিরোধের সামর্থ্য প্রায় শেষ হয়ে এসেছে। যদিও অবশিষ্ট কিছু সামরিক অবকাঠামো নিষ্ক্রিয় করতে আরও কিছু পদক্ষেপ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ-চলাচল স্বাভাবিক করা প্রসঙ্গেও মত দেন ট্রাম্প। তাঁর ধারণা, ইরানের সক্ষমতা ভেঙে পড়ায় গুরুত্বপূর্ণ এই জলপথটি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরবে। যুক্তরাষ্ট্র এতে সরাসরি জড়াবে না জানিয়ে তিনি বলেন, এই পথ ব্যবহারকারী দেশগুলোকেই সামনে এসে পরিস্থিতি সামাল দিতে হবে।

বিশ্বের জ্বালানি তেলের বড় অংশ হরমুজ প্রণালি হয়ে পরিবাহিত হয়। ট্রাম্পের মতে, যারা এই তেলবাণিজ্যের ওপর নির্ভরশীল, তারাই পথটি খুলে দিতে উদ্যোগী হলে সবচেয়ে বেশি লাভবান হবে। তিনি আরও বলেন, ইরান এখন আর বড় কোনো হুমকি তৈরির অবস্থানে নেই; ফলে আন্তর্জাতিক নৌপথ ব্যবহারের বাধা দ্রুতই কেটে যাবে বলে তাঁর বিশ্বাস।