
ফাইল ছবি
বিশ্বকাপের স্বপ্ন নিয়ে আজ থেকে নতুন মিশনে নামছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডে পর্দা ওঠা অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে আজ স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ব্যাংককের থাম্মাস্যাট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
বয়সভিত্তিক এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে এটিই বাংলাদেশের প্রথম অংশগ্রহণ। তবে অভিষেক আসরেই বেশ কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও রয়েছে এশিয়ার দুই পরাশক্তি চীন ও ভিয়েতনাম। এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে পারলেই মিলবে ২০২৬ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার টিকিট।
বাংলাদেশ দলের এই স্কোয়াডে এমন ১০-১২ জন ফুটবলার রয়েছেন, যাদের সাম্প্রতিক সময়ে বড় আসরে এবং সিনিয়র জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই অভিজ্ঞতা আজ থাইল্যান্ডের বিপক্ষে মাঠে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। এই টুর্নামেন্টে জায়গা করে নেওয়াটাই মেয়েদের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
স্বাগতিক দর্শকদের চাপ সামলে আজ জয় বা ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারলে বিশ্বকাপের পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। ফুটবলপ্রেমীদের নজর এখন ব্যাংককের থাম্মাস্যাট স্টেডিয়ামের দিকে, যেখানে ইতিহাস গড়তে মুখিয়ে আছে বাংলাদেশের মেয়েরা।








































