বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শেয়ার

ইরান যুদ্ধ নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা


Trump Salman

এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধ এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

অ্যাক্সিওস দুইটি অবগত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প ফোনালাপে সৌদি যুবরাজকে ‌‘সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার’ বিষয়ে অবহিত করেন।

তবে এ বিষয়ে আনাদোলু এজেন্সির প্রশ্নের জবাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধ শেষ করার একটি প্রস্তাব পাঠিয়েছে। ওই প্রস্তাবে তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংক্রান্ত পদক্ষেপের পাশাপাশি হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। তেহরান বলছে, যোগাযোগ কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং ওয়াশিংটনের প্রস্তাবগুলোকে তারা ‘অতিরিক্ত ও অবাস্তব’ বলে বর্ণনা করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় কয়েকটি দেশ—যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

মার্কিন তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও প্রভাবিত হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল সরবরাহ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।