বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শেয়ার

‘ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত’


Abbas-Agharchi

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফাইল ছবি

ইরান যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ছয় মাসের দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার তেহরান থেকে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শত্রুর সময়সীমা নয়, নিজেদের নিরাপত্তাই আমাদের মানদণ্ড। যতদিন প্রয়োজন, ইরান যুদ্ধ চালিয়ে যাবে।”

আরাগচি সতর্ক করে জানান, ইরানের সামরিক বাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনায় পুরোপুরি সক্ষম এবং পাল্টা সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের দাবি—ইরান ওয়াশিংটনের শর্ত মেনে নিয়ে আলোচনায় বসেছে—এ বিষয়ে আরাগচি স্পষ্ট বলেন, “এটি আদৌ ‘আলোচনা’ নয়। আন্তর্জাতিক পরিভাষায় আলোচনা বলতে দুই পক্ষের মুখোমুখি বসে সমাধানে পৌঁছানোর চেষ্টা বোঝায়। আমাদের ক্ষেত্রে সেই পরিস্থিতি নেই।”
তিনি ব্যাখ্যা করেন, যুদ্ধকালেও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বার্তা বিনিময় হতে পারে, তবে তা আলোচনার সমতুল নয়।

আরাগচি আরও জানান, ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি ও আঞ্চলিক মিত্রদের মাধ্যমে বার্তা পাচ্ছে এবং প্রয়োজনে তার জবাবও দিচ্ছে। তবে এগুলো যুদ্ধ থামানোর আলোচনা নয়, বরং চলমান সংঘাতের মধ্যকার প্রয়োজনীয় যোগাযোগ।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ অতীতের মতো এখনো ইরানের সঙ্গে বার্তা আদান-প্রদান করছেন—কিন্তু এটি শান্তিচুক্তি বা যুদ্ধবিরতি আলোচনার অংশ নয়।