
ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির
ইসরায়েলি সেনাবাহিনীতে তীব্র সৈন্যসংকট নিয়ে কঠোর সতর্কতা দিয়েছেন আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। আইনপ্রণেতাদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে তিনি জানান, আগামী বছরের জানুয়ারির মধ্যেই সেনাবাহিনী কয়েক হাজার সৈন্য হারাতে পারে।
জামির বলেন, চলমান সংকট মোকাবিলায় বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানো, রিজার্ভ বাহিনীর কাঠামো সংস্কার এবং একটি আধুনিক নিয়োগ আইন পাস করা জরুরি। ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে একটি “বড় ও শক্তিশালী” সেনাবাহিনী ছাড়া ইসরায়েলের নিরাপত্তা টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
এই সতর্কবার্তা এসেছে এমন সময়ে, যখন সরকার কট্টরপন্থি হারেদি ইহুদিদের সামরিক সেবা থেকে ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছে। বর্তমানে ১৮ থেকে ২৪ বছর বয়সী প্রায় ৮০ হাজার হারেদি যুবক সামরিক সেবার যোগ্য হলেও সেনাবাহিনীতে যোগ দিচ্ছে না—যা নিয়ে বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
আইডিএফের হিসাবে এখনই প্রায় ১২ হাজার নতুন রিক্রুট জরুরি প্রয়োজন। বাধ্যতামূলক সেবার মেয়াদ ৩০ মাসে নামিয়ে আনা এবং চলমান সংঘাতের চাপ—এই দুই কারণেই নিয়মিত ও রিজার্ভ বাহিনী বড় ঘাটতির মুখে পড়েছে। জামির সতর্ক করেন, এই ঘাটতির ফলে সামনের বছরগুলোতে সম্মুখসারির যোদ্ধা ও সহায়ক সৈন্য সংকট আরও তীব্র হবে এবং রিজার্ভ সদস্যদের অতিরিক্ত তলব করতে হবে।
তিনি তিনটি আইন—সেবার মেয়াদ বৃদ্ধি, রিজার্ভ কল-আপ পদ্ধতির সংস্কার ও নতুন নিয়োগ আইন—শীঘ্রই পাস করার আহ্বান জানান। অন্যথায়, হারেদিদের ছাড় অব্যাহত থাকলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা গভীর জনবল সংকটে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল








































