
সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে
আগামী শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
সভায় সভাপতিত্ব করবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ায় পরিবারের সাথে ছুটি কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।
সভার প্রধান আলোচ্য বিষয় হতে পারে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরোয়া প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। খেলোয়াড়দের স্বার্থে লিগটি কীভাবে পুনরায় শুরু করা যায়। এ ছাড়াও বেশ কিছু বিষয়ে বোর্ড সদস্যরা সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতিসহ অন্যান্য নিয়মিত বিষয়ও আলোচ্যসূচির তালিকায় আছে।
বর্তমানে ৩৭ জন খেলোয়াড় প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে অনুশীলন করছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য জাতীয় দল ঘোষণার পর পুরোদমে অনুশীলন শুরু হবে।
এদিকে, বোর্ড এখনও মিডয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। সভায় এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।









































