শুক্রবার । এপ্রিল ৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শেয়ার

সৌদি আরবে ১ হাজার বছর পুরোনো কোরআনের পাণ্ডুলিপি উন্মোচন


thousands-years-old-quran

ছবি: সংগৃহীত

সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি এক হাজার বছরেরও বেশি পুরোনো কোরআনের একটি দুর্লভ পাণ্ডুলিপি জনসমক্ষে উন্মোচন করেছে। ‘গারিব আল কোরআন’ শিরোনামের এই ঐতিহাসিক পাণ্ডুলিপিটি প্রখ্যাত প্রাচীন মুসলিম পণ্ডিত আবু উবাইদাহ মামার ইবনে আল মুথান্না রচিত।

বুধবার (১ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ২৩টি পাতায় রচিত চতুর্থ শতাব্দীর এই পাণ্ডুলিপিটি কোরআনিক বিজ্ঞানের ক্ষেত্রে এক অনন্য নিদর্শন। প্রতিটি পাতার মাপ ১৭ বাই ২২ সেন্টিমিটার। এতে অত্যন্ত সুস্পষ্ট আন্দালুসীয় লিপি ব্যবহার করা হয়েছে এবং সুরার নামগুলো অলঙ্কৃত কুফিক লিপিতে লেখা। গবেষকদের মতে, এটি এখনো একটি অপ্রকাশিত কাজ হিসেবেই বিবেচিত।

লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সংগ্রহে বিভিন্ন শতাব্দীর কোরআনের তাফসির ও ভাষাতত্ত্ব সংক্রান্ত আরও অনেক বিরল পাণ্ডুলিপি রয়েছে। এর মধ্যে আবু ইসহাক আল-জাজ্জাজ এবং ইবনে কুতাইবাহ আল-দিনাওয়ারির গুরুত্বপূর্ণ রচনাসমূহ উল্লেখযোগ্য। পাশাপাশি ষষ্ঠ শতাব্দীতে হাতে লেখা ‘তাফসির আল-তাবারির’ কিছু দুষ্প্রাপ্য অংশও এখানে সংরক্ষিত আছে।

লাইব্রেরি কর্তৃপক্ষ আরও জানায়, তাদের মূল লক্ষ্য হলো এসব দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি, নথি ও প্রত্নবস্তুর বিশাল সংগ্রহ বিশ্ববাসীর সামনে তুলে ধরা। এর মাধ্যমে মুসলিম ঐতিহ্যের বহুমাত্রিক রূপ নিয়ে গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং গবেষকদের জন্য এসব মূল্যবান সম্পদ আরও সহজলভ্য হয়ে উঠবে।