রবিবার । এপ্রিল ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৫ এপ্রিল ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
শেয়ার

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫

সংগীতে আজীবন সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা, বিশেষ সম্মাননায় কাঙ্গালিনী সুফিয়া


Channel i music award

আজীবন সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা, বিশেষ সম্মাননায় কাঙ্গালিনী সুফিয়া

সংগীতের মহা-উৎসব নিয়ে এবার উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় বসছে ‘২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫’। আগামী ৭ এপ্রিল বগুড়ার পাঁচ তারকা হোটেল মমো ইন-এর উন্মুক্ত মাঠে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রকল্প পরিচালক রাজু আলীম জানান, সংগীতের এই বিশেষ আসরে এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী কনকচাঁপা। এছাড়া সংগীতে বিশেষ অবদানের জন্য গুণী শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

আজীবন সম্মাননা ছাড়াও আরও ১৮টি ভিন্ন ক্যাটাগরিতে এ বছর পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।

এই সংগীত উৎসবে অংশ নেবেন দেশবরেণ্য একঝাঁক কিংবদন্তী ও সমসাময়িক শিল্পী। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আফজাল হোসেন, মো. খুরশীদ আলম ও রফিকুল আলমের মতো প্রথিতযশা ব্যক্তিত্বরা। এছাড়া বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পী কোনাল, ঝিলিক, ইমরান, লিজা ও লুইপাসহ দেশসেরা কলাকুশলীরা এই আয়োজনকে মাতিয়ে তুলবেন।

সংগীতের উৎকর্ষ সাধন এবং শিল্পীদের কাজের স্বীকৃতি দিতে দুই দশক ধরে আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি এবার ঢাকার বাইরে বগুড়ায় নতুন এক মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকরা।