
ছবি: সংগৃহীত
ছোট পর্দার বড় তারকা আফরান নিশো আবারও বড় পর্দায় ফিরছেন এক ভিন্নধর্মী গল্প নিয়ে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত তার নতুন সিনেমা ‘দম’-এর সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়লেন এই অভিনেতা। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সিনেমার টিম ও গল্পের মূল চরিত্র ‘নূর’ নামের সেই ব্যক্তির উপস্থিতিতে নিশো তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি।
সংবাদ সম্মেলনে নিশো জানান, সিনেমার গল্পটি তাকে গভীরভাবে স্পর্শ করেছে। চরিত্রের প্রয়োজনে তিনি নূরের নিজ গ্রামে গিয়েছিলেন, কথা বলেছেন তার বাবা ও ভাইয়ের সঙ্গে। নিশো বলেন, “আমিও রক্ত-মাংসের মানুষ। নূরের জীবনটা আমি ভেতর থেকে উপলব্ধি করার চেষ্টা করেছি। তার বাবা কিংবা ভাই—সবাই সাধারণ মানুষ, তাদের আবেগগুলো আমাকে নাড়া দিয়েছে।” এই কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
এই সিনেমায় আফরান নিশোর বিপরীতে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে চিত্রনায়িকা পূজা চেরিকে। নিশোর মতো শক্তিশালী অভিনেতার সাথে পূজার এই নতুন রসায়ন দেখার জন্য দর্শকদের মধ্যে আগে থেকেই ব্যাপক কৌতূহল ছিল, যা সংবাদ সম্মেলনের পর আরও বেড়ে গেলো।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে চরকি ও আলফা আই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল। তারা জানান, নূরের জীবনের বাস্তব লড়াই এবং সংঘাতের গল্পটি পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তারা কোনো কমতি রাখেননি। নিশোর এই রূপান্তর দর্শকদের জন্য এক বড় চমক হতে যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, ‘দম’ নিয়ে দর্শকদের মাঝে এখনই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। নিশোর ভিন্নধর্মী চরিত্র এবং বাস্তব জীবনের গল্পের প্রতি দর্শকদের এই আগ্রহ সিনেমাটির সফলতার ইঙ্গিত দিচ্ছে। পরিশেষে নিশো দর্শকদের প্রতি আহ্বান জানান, তারা যেন প্রেক্ষাগৃহে গিয়ে নূরের জীবনের এই বাস্তব লড়াইয়ের গল্পটি দেখেন।











































