শনিবার । এপ্রিল ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৪ এপ্রিল ২০২৬, ৬:১৪ পূর্বাহ্ন
শেয়ার

লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন রাজশাহীর বর্ণিতা


Lux-Bornita

‘লাক্স সুপারস্টার ২০২৫’–এর বিজয়ীবিজয়ী বর্ণিতা(মাঝে)

দীর্ঘ সাত বছর পর নতুন ‘লাক্স সুপারস্টার’ পেল বাংলাদেশ। ২০২৫ আসরে বিজয়ী হয়েছেন রাজশাহীর বিদুষী বর্ণিতা। শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান তার হাতে বিজয়ের ট্রফি তুলে দেন। বিজয়ী বর্ণিতাকে নিয়ে রায়হান রাফী সিনেমা নির্মাণ করবেন বলেও জানা গেছে।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল (পুরস্কার ৫ লাখ টাকা) এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম (পুরস্কার ৩ লাখ টাকা)। চূড়ান্ত পর্বে মোট পাঁচ প্রতিযোগী অংশ নেন।

২০০৫ সালে শুরু হওয়া লাক্স সুপারস্টার প্রতিযোগিতা ২০১৮ সালের পর বন্ধ ছিল। সাত বছর বিরতির পর গত বছর দশম আসর শুরু হয়। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে বাছাই হয়ে নির্বাচিত ১০ প্রতিযোগী নিয়ে সেপ্টেম্বর থেকে প্রচার শুরু হয়। এবারের আসরে মেন্টর ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফী।

অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, বিজয়ীদের নিয়ে শিহাব শাহীন ওয়েব সিনেমা বানাবেন। ইউনিলিভার কর্মকর্তারা জানান, লাক্স সুপারস্টারের যাত্রা দেশের তরুণীদের অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। সন্ধ্যায় অনুষ্ঠিত চূড়ান্ত আসরে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন জেফার রহমান, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুবসহ অনেকে।