সোমবার । এপ্রিল ৬, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৬ এপ্রিল ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

এবার মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের


Mohammad-Bagher-Ghalibaf

মোহাম্মদ বাঘের গালিবাফ। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে এবার পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক কঠোর বার্তায় এই সতর্কবাণী উচ্চারণ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিজের এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে স্পিকার গালিবাফ জানান, ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপ পুরো অঞ্চলকে এক ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন যে, যুদ্ধাপরাধের মাধ্যমে কোনো কিছু হাসিল করা সম্ভব নয়। এই বিপজ্জনক খেলা বন্ধ করে ইরানি জনগণের অধিকারকে সম্মান জানানোই একমাত্র সমাধান বলে তিনি উল্লেখ করেন।

গালিবাফ আরও মন্তব্য করেন যে, নেতানিয়াহুর নির্দেশ পালনে ট্রাম্পের এই জেদ প্রতিটি মার্কিন পরিবারকে এক জীবন্ত নরকের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে, বর্তমান পরিস্থিতির কারণে পুরো মধ্যপ্রাচ্য এখন জ্বলতে যাচ্ছে। ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানের জবাবে ইরানের পক্ষ থেকে আসা এই বার্তাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।

এদিকে ইরানের ছোঁড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফাতে আঘাত হেনেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় একটি আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির জরুরি চিকিৎসা সেবার তথ্যমতে, হাইফাতে ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই ওই এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।