
ফাইল ছবি
পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে টানা প্রবল বর্ষণে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে পুরো এলাকায় এক ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে।
দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় প্রদেশটিতে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিহতের তালিকায় শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় পরিস্থিতির ভয়াবহতাকে আরও বাড়িয়ে তুলেছে।
পিডিএমএ-র তথ্যমতে, নিহত ৪৫ জনের মধ্যে ২৩ জনই শিশু। এছাড়া ১৭ জন পুরুষ ও ৫ জন নারী এই প্রাণঘাতী বৃষ্টির কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যেও ৪৪ জন শিশু রয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
টানা বৃষ্টির প্রভাবে পাহাড়ি জেলাগুলোতে মাটি নরম হয়ে যাওয়ায় বহু ঘরবাড়ির ছাদ ও দেয়াল ধসে পড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রদেশে অন্তত ৪৪০টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন বাড়ি পুরোপুরি মাটির সাথে মিশে গেছে। বর্তমানে দুর্গত এলাকাগুলোতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ৬ থেকে ৯ এপ্রিল পর্যন্ত প্রদেশটিতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে ভূমিধসের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ জনসাধারণকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে এবং পর্যটকদের সংবেদনশীল এলাকা ভ্রমণে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।





































