
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। ছবি-বিবিসি
ইরানের বেসামরিক স্থাপনায় সামরিক হামলা হলে তা সম্পূর্ণ অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি হবে বলে সতর্ক করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। সোমবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনা শুধুমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ইরানের জ্বালানি ও পরিবহন স্থাপনায় বড় ধরনের হামলার হুমকি দেন। নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্টে তিনি হরমুজ প্রণালি খুলতে অ্যালটিমেটাম দিয়ে সতর্ক করেন, না হলে যুক্তরাষ্ট্র বড় সামরিক অভিযান চালাবে।
ট্রাম্পের পোস্ট থেকে স্পষ্ট, মার্কিন বাহিনী ইরানের বিদ্যুৎকেন্দ্র ও কৌশলগত সেতু লক্ষ্যবস্তু করছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এটিকে অবৈধ ও গ্রহণযোগ্য নয় বলছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতিষ্ঠাকালীন প্রসিকিউটর লুইস মোরেনো ওকাম্পো বলছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো যুদ্ধ আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং কোনো উসকানি ছাড়া বৈধতা পেতে পারে না।
একশ’র বেশি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞও একটি খোলা চিঠিতে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে এবং এটি গভীর উদ্বেগের বিষয়।
সূত্র: বিবিসি






































