বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৭ এপ্রিল ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
শেয়ার

১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী


hajj

১৮ এপ্রিল থেকে ২০২৬ সালের পবিত্র হজের প্রথম ফ্লাইট শুরু হতে যাচ্ছে

আগামী ১৮ এপ্রিল থেকে ২০২৬ সালের পবিত্র হজের প্রথম ফ্লাইট শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

হজ কার্যক্রমের বর্তমান অবস্থা এবং খরচ কমানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এই সময়সূচি ঘোষণা করেন।

সংসদ অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান বর্তমান সরকারের পক্ষ থেকে হজের খরচ কমানোর কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা জানতে চেয়ে একটি লিখিত প্রশ্ন উত্থাপন করেন। এর জবাবে ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজের যাবতীয় কার্যক্রম বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্ধারিত প্যাকেজ অনুযায়ী সৌদি আরব এবং বাংলাদেশ অংশের প্রয়োজনীয় সকল খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। এছাড়া সৌদি আরবের সময়সীমা বা টাইমলাইন অনুযায়ী ভিসাসহ সকল প্রশাসনিক প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

হজ প্যাকেজের ব্যয় কমানোর বিষয়ে মন্ত্রী আরও জানান, ২০২৭ সালের হজের প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা এবং চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে। সামগ্রিক অবস্থা বিবেচনা করে সে সময় হজের ব্যয় কমানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।

১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই হজ ফ্লাইটের মাধ্যমে এ বছর হাজারো বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন।