
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বারবার কঠোর হুমকি ও আলটিমেটাম দিয়েছেন। হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং একটি চুক্তিতে রাজি হওয়ার জন্য তিনি তেহরানকে একাধিক সময়সীমা নির্ধারণ করেন, যা পরবর্তীতে কয়েকবার পরিবর্তনও করা হয়।
নিচে মার্চের শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত তার দেওয়া প্রধান হুমকি ও সময়সীমার একটি সময়রেখা তুলে ধরা হলো।
২১ মার্চ
ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। তিনি বলেন, ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে হবে, নতুবা যুক্তরাষ্ট্র দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালাবে।
২৩ মার্চ
ট্রাম্প দাবি করেন, তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে। এই কারণ দেখিয়ে তিনি নির্ধারিত সময়সীমা পাঁচ দিন পিছিয়ে দেন।
২৬ মার্চ
তিনি নতুন করে ১০ দিনের সময়সীমা ঘোষণা করেন। এর শেষ সময় নির্ধারণ করা হয় ৬ এপ্রিল রাত ৮টা (জিএমটি ৭ এপ্রিল)।
৪ এপ্রিল
ট্রাম্প বলেন, ইরানের হাতে চুক্তিতে পৌঁছানোর জন্য ৪৮ ঘণ্টা সময় রয়েছে এবং তিনি আবারও ৬ এপ্রিলের সময়সীমা পুনর্ব্যক্ত করেন।
৫ এপ্রিল
ট্রাম্প ইঙ্গিত দেন যে সময়সীমা আরও এক দিন বাড়িয়ে ৭ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এর মধ্যে ইরান পদক্ষেপ না নিলে দেশটিতে “কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু দাঁড়িয়ে থাকবে না।”
৫ এপ্রিল
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প আরও নির্দিষ্ট সময় ঘোষণা করে লেখেন: মঙ্গলবার রাত ৮টা, ইস্টার্ন টাইম।
৬ এপ্রিল
সাংবাদিকদের ট্রাম্প জানান, সর্বশেষ সময়সীমাটিই চূড়ান্ত এবং তা পিছিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম। তিনি আরও বলেন, ইরানকে ‘এক রাতেই ধ্বংস করে দেওয়া সম্ভব।’
৭ এপ্রিল
সময়সীমা শেষ হওয়ার প্রায় ১২ ঘণ্টা আগে এক পোস্টে ট্রাম্প হুমকির মাত্রা আরও বাড়িয়ে বলেন, ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে।’







































