বুধবার । এপ্রিল ৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৭ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শেয়ার

ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করল হোয়াইট হাউস


white-house

হোয়াইট হাউস। ছবি: সংগৃহীত

ইরানে সামরিক অভিযান নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত ছিল না বলে দাবি করেছে হোয়াইট হাউস। মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, তেহরানের ওপর পারমাণবিক বোমা হামলার কোনো পরিকল্পনা বা সম্ভাবনা এই মুহূর্তে নেই।

বিতর্কের সূত্রপাত হয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম কার্যকরে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু শক্তিশালী অস্ত্র রয়েছে, যা ‘এখনও ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি’। ভ্যান্সের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় যে, ট্রাম্প প্রশাসন ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে। এর জবাবে হোয়াইট হাউস ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লেখে, ‘ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তাতে আক্ষরিক অর্থেই এমন কিছুর আভাস নেই।’

এদিকে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার আলটিমেটামের সময় ঘনিয়ে আসার সাথে সাথে ইরানকে নতুন করে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লিখেছেন, ‘আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।’ ট্রাম্প আরও যোগ করেন, ‘আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এমনটাই হবে।

ইরান যদি নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে আজ রাতেই বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে—ট্রাম্পের এমন ঘোষণার পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে ‘গোটা সভ্যতা ধ্বংস’ করার হুমকির ফলে পারমাণবিক যুদ্ধের শঙ্কা তৈরি হয়।

তবে হোয়াইট হাউস বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে, ওয়াশিংটন শাসনব্যবস্থার পরিবর্তন এবং উগ্র চিন্তাধারার অবসান চায়, কিন্তু পারমাণবিক হামলার গুঞ্জনটি সঠিক নয়। এখন পুরো বিশ্বের নজর আজ রাতের ঘটনাবলির দিকে।