বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৮ এপ্রিল ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
শেয়ার

সংসদে পাশ হলো আরও ১৩ বিল


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ)’ এবং ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন)’ আইনসহ মোট ১৩টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ বিলগুলো উত্থাপন করলে কণ্ঠভোটে সেগুলো পাস হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের লক্ষ্যে এই বিলগুলো পাস করা হয়েছে।

দিনের শুরুতে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’, ‘সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬’, ‘প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’, ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬’ এবং ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’ বিল সংসদে পাস করা হয়।

বিকেলের অধিবেশনে পাস হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’। এছাড়া ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ আইন, ২০২৬’, ‘স্থানিক পরিকল্পনা আইন, ২০২৬’ এবং ‘পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলী) আইন, ২০২৬’ পাস হয়েছে।

পরবর্তীতে বিকেলের দ্বিতীয় দফায় আরও চারটি বিল পাস হয়। সেগুলো হলো— ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (সংশোধন) আইন, ২০২৬’, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’, ‘বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) আইন, ২০২৬’ এবং ‘কোড অব সিভিল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’।

বিলগুলো পাসের সময় সংশ্লিষ্ট মন্ত্রীরা জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শাসনকাজে গতিশীলতা আনা এবং জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আইনি সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।