বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৮ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শেয়ার

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ কাল


Election Commission

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

বুধবার (৮ এপ্রিল) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “এখন পর্যন্ত প্রাপ্ত সংবাদ অনুযায়ী সব প্রস্তুতি ঠিক আছে। আশা করি জাতীয় নির্বাচনের মতো এখানেও আমরা সফল হবো।”

বগুড়া-৬ আসন: বিএনপি চেয়ারপারসন তারেক রহমান একাধিক আসনে জয়ী হওয়ায় বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী—মো. রেজাউল করিম বাদশা (বিএনপি), মো. আবিদুর রহমান (জামায়াত) ও মো. আল-আমিন তালুকদার (বিডিপি)।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। ১৫০টি ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য সেনাবাহিনীর ২৫০ জন সদস্যের পাশাপাশি বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসারের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকছেন।

শেরপুর-৩ আসন: তফসিল ঘোষণার পর প্রার্থীর মৃত্যুতে এ আসনে সাধারণ নির্বাচন স্থগিত করা হয়েছিল। এ আসনেও প্রার্থী তিনজন—মো. মাহমুদুল হক রুবেল (বিএনপি), মো. মাসুদুর রহমান মাসুদ (জামায়াত) ও মো. মিজানুর রহমান (বাসদ-মার্কসবাদী)।

শেরপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন। ১২৮টি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ১৪০ জন সদস্যসহ বিজিবি, র‍্যাব ও পুলিশের বিশেষ টিম কাজ করবে।

ইসি সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় ১৮ থেকে ২০ জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন। দুই আসনে ৩৬ জন নির্বাহী ও বিচারিক হাকিম এবং ইসির নিজস্ব ১৮ জন পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। এছাড়া চার শতাধিক স্থানীয় পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, দুই আসনেই রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে ইসির নিজস্ব কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। প্রায় ৫ হাজার ভোটগ্রহণ কর্মকর্তা নির্বাচন পরিচালনার কাজ সম্পন্ন করবেন।