বৃহস্পতিবার । এপ্রিল ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৯ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

৪০ দিন পর খুলে দেওয়া হলো আল-আকসা


আল-আকসা মসজিদ

টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে মসজিদটির ওপর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের আরোপিত অবরোধ তুলে নেওয়ার পর সেখানে নামে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থাপনাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ এই সময়ে জেরুজালেমের মুসলমানরা পবিত্র রমজান মাসের তারাবি, জুমা এবং নিয়মিত নামাজ সেখানে আদায় করতে পারেননি।

এমনকি ঈদুল ফিতরের নামাজও মসজিদের ভেতরে আদায়ের সুযোগ মেলেনি তাদের। ঈদের দিন প্রধান ফটকগুলো বন্ধ থাকায় শত শত মুসল্লি বাধ্য হয়ে মসজিদের প্রবেশদ্বার ও আশপাশের সড়কে জামাতে অংশ নিয়েছিলেন।

তবে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির ঘোষণা আসার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে আল-আকসা থেকে অবরোধ তুলে নেয় ইসরায়েলি বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভোরের আলো ফুটতেই হাজারো মুসল্লি আবেগঘন পরিবেশে আল-আকসা মসজিদে প্রবেশ করছেন। দীর্ঘ ৪০ দিন পর পবিত্র এই স্থানে নামাজ আদায়ের সুযোগ পেয়ে অনেক মুসল্লিকে আনন্দাশ্রু বিসর্জন দিতেও দেখা গেছে।

উল্লেখ্য, রমজান মাসে আল-আকসা বন্ধ রাখার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছিল। একাধিক আরব ও মুসলিম দেশ ইসরায়েলের এই পদক্ষেপকে ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে তীব্র নিন্দা জানিয়েছিল।

অবশেষে যুদ্ধবিরতির পর মসজিদটি খুলে দেওয়ায় জেরুজালেমে এক উৎসবমুখর ও স্বস্তিদায়ক পরিবেশ ফিরে এসেছে।