
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা গণভোট, গুম প্রতিরোধ ও পুলিশ কমিশনসহ ১৩টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদে অনুমোদন বা অননুমোদন না পাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা হারিয়েছে।
সংবিধান অনুযায়ী, সংসদ না থাকা অবস্থায় জারি করা অধ্যাদেশ প্রথম বৈঠকে উত্থাপনের পর ৩০ দিনের মধ্যে পাস বা রহিত করতে হয়। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে এসব অধ্যাদেশ নিয়ে কোনো বিল আনা হয়নি।
এর ফলে গণভোট অধ্যাদেশ বাতিল হওয়ায় সম্প্রতি অনুষ্ঠিত গণভোটের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হতে পারে। যদিও বিরোধী দল আগে থেকেই এ প্রক্রিয়ার আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে আসছিল।

এদিকে, একই দিনে সংসদে ৭টি অধ্যাদেশ রহিতকরণ বিল পাসের মাধ্যমে বাতিল করা হয়েছে। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা ২০টি অধ্যাদেশ কার্যকারিতা হারিয়েছে, আর ১১৩টি অধ্যাদেশ অনুমোদন পেয়েছে।
অন্যদিকে, শেষ দিনে ব্যস্ত অধিবেশনে ২৪টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে, যার মধ্যে উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, ব্যাংকিং খাত, সাইবার নিরাপত্তা ও সামাজিক সুরক্ষাসংক্রান্ত একাধিক আইন রয়েছে।







































