
ফাইল ছবি
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আজ রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকার দুই সিটিসহ দেশের চারটি বড় সিটি করপোরেশন এলাকায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পাশাপাশি ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় এই কর্মসূচি চলবে।
ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদের টিকা দেওয়া হবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনা হয়েছে।
ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে তিনটি করে টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে প্রায় ৫ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় ৪ লাখ শিশু।

সিটি করপোরেশন এলাকার এই বিশেষ কর্মসূচির পর আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান অভিযান শুরু হবে, যা আগামী ১১ মে পর্যন্ত চলমান থাকবে। এর আগে গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা বা ‘হটস্পট’ এলাকায় এই কার্যক্রম সফলভাবে শুরু করা হয়।
স্বাস্থ্য বিভাগ থেকে সকল অভিভাবককে তাদের শিশুদের সুরক্ষায় নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে আসার আহ্বান জানানো হয়েছে।









































