
ফাইল ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ৪০ দিন পর দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। এই দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। সম্প্রতি ইরান সরকারের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশন জানিয়েছে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৩ হাজার ৩৭৫ জন নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
ইরানের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আব্বাস মাসজেদি আরানি এক বিবৃতিতে জানান, শনাক্তকৃত ৩ হাজার ৩৭৫ জন মরদেহের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী রয়েছেন। তবে এই তালিকার বাইরে আরও কতজন নিখোঁজ বা নিহত হয়েছেন, তা নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
সংঘাতের শুরু থেকেই ইরান বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে হারিয়েছে বলে জানা গেছে। সরকারি সূত্রমতে, এই যুদ্ধ দেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের ওপর বড় ধরণের প্রভাব ফেলেছে। এছাড়া দেশটির গুরুত্বপূর্ণ অনেক অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

যদিও ফরেনসিক বিভাগ ৩ হাজার ৩৭৫ জনের পরিচয় নিশ্চিত করেছে, তবে দেশটির অনেক এলাকায় এখনও উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। যুদ্ধবিধ্বস্ত অনেক অঞ্চলের যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা এবং তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা থাকায় প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন।






































