রবিবার । এপ্রিল ১২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১২ এপ্রিল ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
শেয়ার

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ ব্যর্থ, এবার মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া


Putin-Pezeshkian

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংগৃহীত ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। আলোচনায় পুতিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার উদ্যোগে সহায়তার আগ্রহ প্রকাশ করেন। ক্রেমলিন জানায়, সংঘাতের কূটনৈতিক সমাধান ও স্থায়ী শান্তি অর্জনে রাশিয়া সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত।

ফোনালাপে পেজেশকিয়ান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের অগ্রগতি সম্পর্কে পুতিনকে অবহিত করেন এবং রাশিয়ার নীতিগত অবস্থান ও মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নও ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় অবদান রাখার আগ্রহ দেখিয়েছে। সংস্থাটির মুখপাত্র আনুয়ার এল আনুনি জানান, অংশীদারদের সঙ্গে সমন্বয় রেখে ভবিষ্যতে নতুন করে সমঝোতার চেষ্টা চালানো হবে।

তবে আশার বিপরীতে, ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টার বৈঠকের পর ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যায়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরান মার্কিন প্রস্তাব মেনে নেয়নি। অপরদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ দাবি করেন, ওয়াশিংটন তেহরানের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।

ব্যর্থ এই সংলাপে হতাশা প্রকাশ করেছে যুক্তরাজ্যও। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, যুদ্ধের টেকসই সমাধান না আসা উদ্বেগজনক হলেও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া জরুরি।

সংলাপ ভেস্তে যাওয়ায় বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সংঘাত বাড়লে জ্বালানির দাম বৃদ্ধি এবং পারস্য উপসাগরে নৌ-চলাচল ও তেল-গ্যাস স্থাপনায় ঝুঁকি বাড়তে পারে।

তবে এর মধ্যেই কিছুটা স্বস্তির খবরও এসেছে। সৌদি আরব ক্ষতিগ্রস্ত ‘ইস্ট-ওয়েস্ট পাইপলাইন’ পুনরায় চালু করেছে এবং কাতার উপসাগরীয় অঞ্চলে নৌ-চলাচলের কিছু বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে।

সূত্র: এএফপি