
মোহাম্মদ বাঘের গালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা শেষ হওয়ার পর তার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন। সেখানে তিনি আলোচনা সফল না হওয়ার কারণ হিসেবে ইরানের আস্থা অর্জনে যুক্তরাষ্ট্রের ব্যর্থতাকে দায়ি করেছেন।
সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টে গালিবাফ বলেন, আলোচনার আগে তিনি জোর দিয়ে উল্লেখ করেছিলেন যে, ‘আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা ও ইচ্ছা রয়েছে, কিন্তু আগের দুটি যুদ্ধের অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের প্রতি আমাদের কোনো আস্থা নেই।’
তিনি আরও বলেন, ‘এই দফার আলোচনাতেও শেষ পর্যন্ত প্রতিপক্ষ ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।’

গালিবাফ একই সঙ্গে আলোচনার প্রক্রিয়া সহজতর করতে সহায়তা করার জন্য বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পাকিস্তানের জনগণের প্রতি শুভেচ্ছা জানান।










































