বুধবার । এপ্রিল ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ এপ্রিল ২০২৬, ৫:০০ অপরাহ্ন
শেয়ার

৫ জেলায় ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার


PM

প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের স্বাস্থ্যসেবাকে ডিজিটাল প্রযুক্তির আওতায় আনতে পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আজ বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।

তিনি বলেন, সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় এই কার্যক্রম শুরু হবে।

প্রধানমন্ত্রী সংসদকে জানান যে ই-হেলথ কার্ডধারী রোগীরা সরাসরি ইলেকট্রনিক পেশেন্ট রেফারেল সিস্টেম ও ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবেন। এর ফলে রোগীদের চিকিৎসার ইতিহাস ও প্রয়োজনীয় তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষিত থাকবে এবং রেফারেল প্রক্রিয়ায় দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পাবনা-৪ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান সিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন যে এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।