
প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপালের কার্যক্রম শুরু করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। আজ বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। তিনি বলেন, ফ্রিল্যান্সার ও আইটি খাতের সহজ লেনদেনের বিষয়টি বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী সংসদকে জানান যে হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর কার্যকর পরিচালনা এবং দেশে পেপালের কার্যক্রম চালুর বিষয়ে ইতোমধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ সময় ধরে দেশের ফ্রিল্যান্সার ও ই-কমার্স উদ্যোক্তাদের অন্যতম দাবি ছিল এই প্ল্যাটফর্মটি চালু করা।
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নরও পেপাল আসার ব্যাপারে ইতিবাচক আভাস দিয়েছিলেন।

ইতোমধ্যেই পেপালের দক্ষিণ এশিয়া টিম বাংলাদেশের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছে। সরকারের এই উদ্যোগের ফলে এখন আইসিটি খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ আরও সুগম হবে এবং ডিজিটাল অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।






































