
বলিউড থেকে হলিউড—দুই অঙ্গনেই নিজের অবস্থান শক্ত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে তার এই সাফল্যের পেছনে রয়েছে প্রত্যাখ্যান, বাধা আর কঠিন অভিজ্ঞতায় ভরা এক সংগ্রামের গল্প।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, ক্যারিয়ারের শুরুটা ছিল বেশ কঠিন। কোনো স্বজনপ্রীতি ছাড়াই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে তাকে। বলিউডের অভ্যন্তরীণ ‘রাজনীতি’ একসময় তাকে মানসিকভাবে ভেঙেও দিয়েছিল।

তিনি বলেন, একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরও হঠাৎ করে তাকে বাদ দেওয়া হয়। তখন তিনি ‘সালাম-ই-ইস্ক’-এর শুটিং করছিলেন। একই সময়ে আরেকটি ছবিতে কাজের সুযোগ পেলেও সহ-অভিনেতার আপত্তির কারণে সেই প্রজেক্ট থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়।
প্রিয়াঙ্কার ভাষায়, শুরুতে তিনি স্বজনপ্রীতির বিষয়টি বুঝতেন না। পরে উপলব্ধি করেন, ইন্ডাস্ট্রিতে টিকে থাকা এতটা সহজ নয়। মাত্র ২২ বছর বয়সে ক্যারিয়ার শুরু করার পর থেকেই বারবার প্রত্যাখ্যানের মুখে পড়েন তিনি, এমনকি একসময় পেশা পরিবর্তনের কথাও ভেবেছিলেন।
তবে সব প্রতিকূলতা পেরিয়েও নিজের স্বপ্ন থেকে সরে আসেননি এই অভিনেত্রী। তার দৃঢ়তা আর লড়াইয়ের ফলেই আজ তিনি আন্তর্জাতিক অঙ্গনে সফল এক তারকা—যার গল্প অনুপ্রেরণা জোগায় নতুনদের।







































