বৃহস্পতিবার । এপ্রিল ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ এপ্রিল ২০২৬, ৭:১১ অপরাহ্ন
শেয়ার

জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী


স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে দেশে এখনো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি হলেও সরকার প্রতিদিন বিপুল ভর্তুকি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি জাতীয় ঐক্য ও সহনশীলতার ওপর জোর দেন এবং বিভাজন এড়িয়ে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সাতজন বিশিষ্ট ব্যক্তি। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও কয়েকজন গুণী ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকেও এ সম্মাননা প্রদান করা হয়।

বিশ্ববাজারের অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, জনগণের কষ্টের কথা বিবেচনা করেই সরকার জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে। তিনি বলেন, “বিশ্বের প্রায় সব দেশে তেলের দাম বাড়লেও আমরা মানুষের কথা চিন্তা করে তা বাড়াইনি। প্রতিদিন এই খাতে শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।”

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, “জাতীয় নেতাদের অবদানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সম্মান জানানো উচিত। ইতিহাস ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্য ও অভ্যন্তরীণ বিভাজন এড়িয়ে চলা এখন সময়ের দাবি।”