শুক্রবার । এপ্রিল ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ এপ্রিল ২০২৬, ৬:১১ পূর্বাহ্ন
শেয়ার

উৎপাদন শুরুর অনুমোদন পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র


Ruppur nuclear power

ছবি: সংগৃহীত

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স পাওয়ায় উৎপাদন শুরুতে আর কোনো বড় বাধা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে এই লাইসেন্স প্রদান করে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন। জানা গেছে, চলতি মাসের শেষ দিকে প্রথম ইউনিটের চুল্লিতে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানো শুরু হতে পারে, যা বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক ধাপ।

রাশিয়ার সহযোগিতায় পাবনার রূপপুরে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটি দেশের বিদ্যুৎ খাতে বড় সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করছে রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।

কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি প্রবেশের পর ধাপে ধাপে উৎপাদন শুরু হবে এবং পাশাপাশি চলবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞদের মতে, জ্বালানি প্রবেশের পর অন্তত ছয় মাস পরীক্ষামূলক কার্যক্রম চলবে। এ কারণে আন্তর্জাতিক মান যাচাই ও অনুমোদনের প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরের আগে পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া কঠিন হতে পারে।