
ফাইল ছবি
চলতি এপ্রিল মাসের প্রথম ১৫ দিনেই দেশে ১৭৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১ হাজার ৮১৩ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৯২ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। ২০২৫ সালের এপ্রিলের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ২০ লাখ ডলার।

সব মিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশে ২ হাজার ৭৯৯ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের তুলনায় ২০.৪০ শতাংশ বেশি।
উল্লেখ্য, গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। এছাড়া গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার প্রবাস আয় এসেছে। আর গত ডিসেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ দেওয়া এবং ডলারের বিনিময় হার পুনর্নির্ধারণের ফলে দেশে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক গতি লক্ষ্য করা যাচ্ছে।









































