
ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। তিনি বলেছেন, তেহরান শুধু সাময়িক বিরতি নয়, বরং পুরো অঞ্চলে সংঘাতের স্থায়ী অবসান চায়।
তুরস্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যেকোনো যুদ্ধবিরতির আওতায় সব সংঘাতপূর্ণ এলাকা থাকতে হবে—লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত। এটিকে ইরানের ‘রেডলাইন’ বলেও উল্লেখ করেন তিনি।

খাতিবজাদেহ বলেন, “আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করছি না। এই সহিংসতার চক্র পুরোপুরি এবং চিরতরে শেষ হতে হবে।”
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, ঐতিহাসিকভাবে এই গুরুত্বপূর্ণ জলপথ সবসময় খোলা ছিল। এটি ইরানের আঞ্চলিক জলসীমায় হলেও দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।
এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তুলে বলেন, তাদের কর্মকাণ্ড বিশ্ব বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
সূত্র: আল–জাজিরা






































