
দেশটির সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং
মিয়ানমারে চার হাজার বন্দিকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার বড় সিদ্ধান্তগুলোর একটি।
এই পদক্ষেপের মধ্যে সাবেক নেতা অং সান সুচির সাজাও কমানো হয়েছে বলে তার আইনজীবী বার্তা সংস্থা রয়টার্সকে জানান। এছাড়া ২০২১ সালের অভ্যুত্থানের পর আটক সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকেও ক্ষমা করা হয়েছে বলে প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়।
মিয়ানমারের সরকারি টেলিভিশন এমআরটিভি জানায়, মিন অং হ্লাইং মোট ৪,৩৩৫ জন বন্দির জন্য সাধারণ ক্ষমা অনুমোদন করেছেন।

প্রেসিডেন্টের পক্ষ থেকে জারি করা এক ঘোষণায় বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হবে, যদিও নির্দিষ্ট কোনো বন্দির নাম উল্লেখ করা হয়নি। আরেকটি বিবৃতিতে বলা হয়, উইন মিন্টকে ক্ষমা করা হয়েছে এবং নির্দিষ্ট শর্তে তার বাকি সাজা মওকুফ করা হয়েছে।
৮০ বছর বয়সী অং সান সু চি বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার সাজা এক-ষষ্ঠাংশ কমানো হয়েছে বলে তার আইনজীবী জানান। তবে তিনি বাকি সময় গৃহবন্দি অবস্থায় কাটাতে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। ২০২১ সালের অভ্যুত্থানের পর মিন অং হ্লাইং তাকে আটক করেন।
মিয়ানমারে সাধারণত জানুয়ারিতে স্বাধীনতা দিবস এবং এপ্রিলে নববর্ষ উপলক্ষে এ ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।
এবারের ক্ষমার আওতায় ১৭৯ জন বিদেশি নাগরিক রয়েছেন, যাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি সব মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন, যাবজ্জীবন সাজা কমিয়ে ৪০ বছর এবং অন্যান্য সাজা এক-ষষ্ঠাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







































