
ফাইল ছবি
দেশের জ্বালানি তেলের মজুদ আরও শক্তিশালী করতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ১ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত জ্বালানি তেলের বিশাল এক চালান। মোট চারটি জাহাজে করে আসা এই চালানে ডিজেল ও অকটেন—উভয় ধরনের জ্বালানি রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, এই চারটি জাহাজের মাধ্যমে মোট ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং ২৭ হাজার ৩৬৩ টন অকটেন আমদানি করা হয়েছে।
আগত জাহাজগুলোর মধ্যে চীনের পতাকাবাহী এমটি লিয়ান সং হো ৪১ হাজার ৯০৭ টন এবং লাইবেরিয়ার পতাকাবাহী এমটি অকট্রি ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল নিয়ে এসেছে। এছাড়া পর্তুগালের পতাকাবাহী জাহাজ এমটি কেপ বনি ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল এবং কেম্যান আইল্যান্ডের পতাকাবাহী এমটি নেভি সিয়েলো ২৭ হাজার ৩৬৩ টন অকটেন নিয়ে বন্দরে পৌঁছেছে।

বর্তমানে জাহাজগুলো বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করছে। এর মধ্যে এমটি অকট্রি থেকে ইতিমধ্যে লাইটারিং বা ছোট জাহাজের মাধ্যমে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে এবং জাহাজটি ১৮ এপ্রিল শনিবার ডলফিন জেটিতে নোঙর করার কথা রয়েছে।
বিপিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৭ এপ্রিল জাহাজ চারটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং চলতি সপ্তাহের মধ্যে আরও কয়েকটি জ্বালানি তেলের চালান আসার কথা রয়েছে। নিয়মিত এই আমদানির ফলে দেশে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট হবে না বলে আশা করছে কর্তৃপক্ষ।
ভেসেল ট্র্যাকিং সাইটগুলোর তথ্য অনুযায়ী, এমটি লিয়ান সং হো ভারতের শিখা বন্দর থেকে এবং বাকি তিনটি জাহাজ মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে জ্বালানি তেল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে। বিপুল পরিমাণ এই জ্বালানি আসার ফলে দেশের পরিবহন ও সেচ খাতে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করছে কর্তৃপক্ষ।









































