
ছবি: সংগৃহীত
বিশ্বের বিভিন্ন দেশে নানা জটিলতায় আটকে থাকা বাংলাদেশি নাগরিকদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (১৭ এপ্রিল) সিলেট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, অতীতে অবৈধভাবে বিদেশ গমন কিংবা প্রশাসনিক জটিলতার কারণে অনেক বাংলাদেশি বর্তমানে বিভিন্ন দেশের কারাগারে আটক রয়েছেন। মূলত বিমান ভাড়া ও প্রয়োজনীয় খরচ বহনে অক্ষমতার কারণে তারা দীর্ঘ সময় ধরে দেশে ফিরতে পারছিলেন না। সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তারা যাতে নিজ দেশে ফিরে এসে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই লক্ষ্যে কাজ করছে।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, শুধু আটক ব্যক্তিদের ফেরানোই নয়, প্রবাসীদের ভিসার মেয়াদ, চাকরির অনুমতি ও অন্যান্য প্রশাসনিক জটিলতা নিরসনে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২৬ অর্থবছরের এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অসহায়, দুস্থ ও জুলাই যোদ্ধাসহ পিছিয়ে পড়া মানুষের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। মন্ত্রী বলেন, জেলা পরিষদের এই ক্ষুদ্র প্রয়াস প্রান্তিক মানুষের অভাব দূর করতে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।
জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিমসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।





































