
তেলবাহী জাহাজ। ছবি: সংগৃহীত
চলতি সপ্তাহে আরও পাঁচটি জাহাজে করে প্রায় ১ লাখ ৬৪ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল বাংলাদেশে আসবে বলে জানা গেছে। এর মধ্যে মালয়েশিয়া থেকে তিনটি, সিঙ্গাপুর ও চীন থেকে একটি করে জাহাজ আসছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এরই মধ্যে সব জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, এসব জাহাজে মোট ১ লাখ ৩০ হাজার টন ডিজেল এবং ৩৪ হাজার টন জেট ফুয়েল (জেটএ-১) রয়েছে।
বিপিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইতিমধ্যে চারটি জাহাজে করে ১ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে একটি জাহাজ থেকে লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য জাহাজ থেকেও খালাস শুরু হবে।

তিনি আরও জানান, ‘এমটি অকট্রি’ নামের জাহাজটি শনিবার (১৮ এপ্রিল) জেটিতে ভিড়তে পারে। এরপর প্রতিদিন দুইটি করে জাহাজ থেকে জ্বালানি খালাসের পরিকল্পনা রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, বিদ্যমান চারটি জাহাজের পাশাপাশি ১৯ থেকে ২১ এপ্রিলের মধ্যে আরও পাঁচটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এসব জাহাজে মোট ১ লাখ ৬৪ হাজার টন জ্বালানি তেল থাকবে।
বিপিসির তথ্যমতে, মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে ১৯ এপ্রিল আসবে ‘এমটি গোল্ডেন হরাইজন’, ২০ এপ্রিল ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসবে ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’, এবং ২১ এপ্রিল ৩১ হাজার টন ডিজেল নিয়ে আসতে পারে ‘এমটি হাফনিয়া চিত্তা’।
অন্যদিকে সিঙ্গাপুর থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি এফপিএমসি ৩০’ ২১ এপ্রিল আসার কথা রয়েছে। পাশাপাশি চীন থেকে ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি জিং টং ৭৯৯’ ২১ থেকে ২২ এপ্রিলের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।
ভেসেল ট্র্যাকিং সাইটগুলোর তথ্য অনুযায়ী, জাহাজগুলো ইতোমধ্যে বিভিন্ন বন্দর থেকে যাত্রা শুরু করেছে এবং নির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে।







































