
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন
প্রবাসী কর্মীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা রাষ্ট্রীয় নানা ধরনের বিশেষ সুবিধা ভোগ করবেন। আজ শনিবার (১৮ এপ্রিল) সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এই তথ্য জানান।
একই সাথে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষে ইউরোপের সাতটি দেশের সাথে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।
মাহদী আমিন জানান, সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রুমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়ায় শ্রমিক পাঠানোর চেষ্টা চলছে। অভিবাসনের গুণমান বাড়াতে দেশজুড়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোতে বহুভাষা ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এখন পর্যন্ত প্রায় ৩৭ হাজার পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ এবং ১০টি জেলায় ২২ হাজার ক্ষুদ্র কৃষককে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে, যার মাধ্যমে তারা নগদ অর্থ ও অন্যান্য সুবিধা পাচ্ছেন।
বর্তমান সরকারের গত দুই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে সরকার অত্যন্ত দ্রুততার সাথে কাজ করে যাচ্ছে।








































