শনিবার । এপ্রিল ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৮ এপ্রিল ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
শেয়ার

সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে: প্রেস সচিব


shibly

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর গত দুই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া পদক্ষেপগুলোতে সরকারের ওপর জনগণের আস্থা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের গত দুই মাসের সাফল্যের সাতটি প্রধান দিক তুলে ধরতেই এই বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সালেহ শিবলী বলেন, “আমাদের কাছে মনে হয়েছে গত দুই মাসে সরকারের ওপর বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে। তিনি জনগণের মাঝে থাকছেন এবং অতিরিক্ত নিরাপত্তার তোয়াক্কা না করে সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন।”

তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী নির্বাচনে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনের সর্বোচ্চ চেষ্টা করছেন। বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো প্রধানমন্ত্রী ও জনগণের মধ্যকার পারস্পরিক এই বিশ্বাস।

একই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করার মাধ্যমেই দেশ সেবা করতে চান। জনগণের আস্থা ও ভালোবাসাই বর্তমান সরকারের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন প্রেস উইংয়ের এই ঊর্ধ্বতন কর্মকর্তারা।