
ফাইল ছবি
হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ইস্যুতে সরকার কূটনৈতিকভাবে তৎপর রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজটি পার হতে না পারার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে কোনো ঘাটতি নেই এবং চাহিদা অনুযায়ী পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত সরবরাহ করা হচ্ছে। তবে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ ডিজেল মজুত করার ঘটনা ধরা পড়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।
নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু চ্যালেঞ্জ থাকলেও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দেশের স্বার্থ, বন্দরের লাভজনকতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং সামগ্রিক সুবিধা বিবেচনায় নিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।








































