রবিবার । এপ্রিল ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শেয়ার

ভোক্তা পর্যায়ে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম


Oil

ফাইল ছবি

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য পুনঃসমন্বয় করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই বিক্রয়মূল্য আজ শনিবার রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে (পূর্বমূল্য ১০০ টাকা)। অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৪০ টাকা (পূর্বমূল্য ১২০ টাকা)। এছাড়া প্রতি লিটার পেট্রোলের দাম ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ভোক্তা পর্যায়ে এই দাম সমন্বয় করা হয়েছে। হঠাৎ করে সব ধরনের তেলের দাম বাড়ায় পরিবহন ও নিত্যপণ্যের বাজারে এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। পরিবহন খরচ বাড়ার ফলে পণ্য পরিবহনে ব্যয় বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে পণ্যের দামে প্রভাব ফেলবে। এছাড়া কৃষিখাতে সেচ ও উৎপাদন ব্যয় বেড়ে যেতে পারে, ফলে খাদ্যপণ্যের দামও বাড়ার আশঙ্কা রয়েছে।